চ্যাম্পিয়ন হওয়ার পরও মঞ্চে উঠা টটেনহ্যামের তিন খেলোয়াড় কেন পদক পাননি

Date: 2025-05-22
news-banner

ট্রফি বুঝে নেওয়ার আগে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যদের প্রত্যেকে আয়োজকদের কাছ থেকে একটি করে পদক পাবেন, এটাই রীতি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে গতকাল ইউরোপা লিগ জেতা টটেনহ্যামের তিনজন খেলোয়াড় মঞ্চে উঠে পদক পাননি।



পদক না পাওয়া খেলোয়াড়রা হলেন- ক্রিস্টিয়ান রোমেরো, সন হিয়ং মিন ও রদ্রিগো বেনটাঙ্কুর। ট্রফি নিয়ে উদ্‌যাপনের সময় তাদের কাছে পদক দেখা যায়নি। মঞ্চে উঠে তারা যে পদক পাননি, সেটা নিশ্চিতও হওয়া গেছে।


লুকাস ভারগবল, জেমস ম্যাডিসন ও টিমো ভার্নার ইনজুরিতে। তাদের হিসাবের বাইরে রেখে টটেনহ্যামের জন্য মোট ৩০টি পদক আনে উয়েফা (সর্বোচ্চ ৫০টি পদক দেওয়ার নিয়ম আছে)। কিন্তু পদক দেওয়ার সময় চোটে থাকা তিনজনও মঞ্চে আসেন। যে কারণে রোমেরো, সন ও বেনটাঙ্কুর পদকবঞ্চিত থাকেন। মঞ্চে এই তিনজনকে পদক দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।


মঞ্চে উপস্থিতদের পদক দিতে না পারলেও পরে ড্রেসিংরুমে তা পৌঁছে দিয়েছে উয়েফা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় সংখ্যায় অপ্রত্যাশিত অসঙ্গতির কারণে ট্রফি উপস্থাপনের সময় মঞ্চে পর্যাপ্ত পদক ছিলো না, কারণ আহত খেলোয়াড়রাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুপস্থিত পদকগুলি ড্রেসিংরুমে বিজয়ী দলের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হয়েছে। ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

ফাইনালে ১-০ গোলে জিতে টটেনহ্যাম। ইউনাইটেডের হৃদয়ভাঙা বহুমূল্য একমাত্র গোলটি করেছেন ব্রেনান জনসন। এতে কেটেছে দীর্ঘ ১৭ বছরের ট্রফিখরা। সবশেষ ২০০৮ সালে কারাবো কাপের শিরোপা জিতেছিলো তারা। চ্যাম্পিয়ন হওয়ায় টটেনহ্যামের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত হয়েছে।

Leave Your Comments