গ্রিসে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্র কম্পন অনুভূত হয়েছে তুরস্ক ও ইসরাইল জুড়েও। যদিও ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এ ভূমিকম্পের পর পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপপুঞ্জ ক্রিট এবং সান্তোরিনিতে বড় সুনামি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা বাড়ছে।
ব্রিটিশ আরেক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট বলছে, বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সময় সকাল ৮.৪৯ মিনিটে (৫.৪৯ জিএমটি) গ্রীক দ্বীপ ক্রিট-এর উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এরইমধ্যে সুনামির সতর্কতা জারি করেছে। তবে গ্রীক কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে জীবনের কোনো ঝুঁকি নেই।
সরকার একটি জাতীয় নির্দেশিকা জারি করে জনগণকে সতর্ক থাকতে বলেছে। জাতীয় দমকল বাহিনীও যেকোনো হতাহত, বড় ক্ষয়ক্ষতি বা উদ্ধার অভিযান পরিচালনার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে।
স্থানীয়রা ক্রিটজুড়ে রাস্তাঘাট এবং পুরাতন ভবনগুলোর সামান্য ক্ষয়-ক্ষতির কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রথম কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দারা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে।
ক্রেটা ওয়ানের তথ্য অনুযায়ী, এরপর থেকে আরও পাঁচটি আফটারশকের খবর পাওয়া গেছে।