কুষ্টিয়ায় নদী তীরের মাটি কাটার দায়ে তিনজনকে জরিমানা

Date: 2025-05-17
news-banner

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে গড়াই নদী তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে তিনজনকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার ( ১৭ মে) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 


বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুরে এলাকায় গড়াই নদীর তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়েছে যদুবয়রা গ্রামের মন্টু শেখ ও তরিকুল ইসলামকে  ৫০ হাজার করে এক লাখ টাকা এবং তেবাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকাসহ মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, অবৈধভাবে গড়াই নদী তীর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে তিনজনকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments