জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ১

Date: 2025-05-15
news-banner

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা উপজেলার ত্রাল তহসিল এলাকার নাদের গ্রামে ভারতীয় বাহিনীর অভিযানে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে এ দাবি করা হয়েছে।


সরকারি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম গ্রেটার কাশ্মীর জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) সকালে ত্রাল তহসিলের নাদের গ্রামে ভারতীয় বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে একজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। সকাল থেকে তীব্র বন্দুকযুদ্ধ চলছে এবং এতে আরও দুই সন্ত্রাসী ওই এলাকায় আটকা পড়েছে।
 
খবরে বলা হয়েছে, গত ৪৮ ঘন্টার মধ্যে এটা দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে গত মঙ্গলবার (১৩ মে) জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় বাহিনীর সাথে সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়। প্রথমে সংঘর্ষটি কুলগামে শুরু হয় এবং এরপর তা শোপিয়ানের একটি বনাঞ্চলে সরে যায়।


জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত। শুরু হয় তীব্র উত্তেজনা। 
 
উত্তেজনার এক পর্যায়ে গত ৭ মে পাকিস্তানের পাঞ্জাব ও পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। যার ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।
 
চারদিনের তীব্র সংঘাতের পর গত ১০ মে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং ওইদিন বিকেল ৫টা থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতির পর দুই দেশের নেতারা কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। 

Leave Your Comments