আটকের ২১ দিন পর বিএসএফ জওয়ানকে মুক্তি দিলো পাকিস্তান

Date: 2025-05-14
news-banner

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর আটক সদস্য পূর্ণম কুমার শ’কে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। সীমান্ত থেকে আটকের দীর্ঘ ২১ দিন পর মঙ্গলবার (১৩ মে) তাকে ফেরত ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির পাঁচদিন পর বিএসএফ জওয়ান শ-এর ফেরার খবর তার পরিবারে স্বস্তি ফিরিয়েছে।


গত ২২ এপ্রিল বিকেলে ভারত অধিকৃত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্র পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ জন নিহত হয়। যাদের বেশিরভাগই পর্যটক। এ ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন মাত্রা পায়। সীমান্তে শুরু হয় গোলাগুলি।

পরদিন গত ২৩ এপ্রিল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ’ সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশ করলে পাক নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, ‘ভুল করে’ পাঞ্জাব সীমান্ত অতিক্রম করায় তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। পিটিআই’র প্রতিবেদনে তার নাম পিকে সিং বলে উল্লেখ করে বলা হয়, তিনি ১৮২ নম্বর ব্যাটালিয়নের একজন কনস্টেবল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিএসএফের ওই সদস্য ইউনিফর্মে ছিলেন এবং তার সার্ভিস রাইফেল বহন করছিলেন। তিনি কৃষকদের সঙ্গে ছিলেন। কিন্তু বিশ্রামের জন্য ছায়ায় গেলে রেঞ্জারদের হাতে ধরা পড়েন। বিএসএফ জওয়ানের আটক হওয়ার খবরে বেশ আলোড়ন সৃষ্টি হয়। তার মুক্তির জন্য দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও তাকে মুক্তি দেয়া হয়নি।

এরপর পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং গত ৬ মে দিবাগত মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই অভিযানের নাম দেয়া হয় ‘অপরারেশন সিঁদুর’। 


পাল্টা হামলা চালায় পাকিস্তানও। চারদিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর গত ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হয়। যা দুই দেশের সাধারণ মানুষ বিশেষ করে কাশ্মীরিদের মধ্যে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসে। 
 
দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন মতে, যুদ্ধবিরতির পাঁচদিন পর বুধবার (১৪ মে) বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ’কে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (১৩ মে) সকালে পূর্ণমের বাবা ভোলেনাথ শকে বিএসএফ সদর দফতর থেকে নিশ্চিত করা হয় যে, বুধবার সকাল ১০.৩০ মিনিটে পাকিস্তান তার ছেলেকে ছেড়ে দেবে।
 
বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, ‘স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টায় কনস্টেবল পূর্ণম কুমার শ’কে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। সেখানে তাকে গ্রহণ করেছে বিএসএফ।’


বিবৃতিতে আরও বলা হয়, কনস্টেবল পূর্ণম কুমার শ গত ২৩ এপ্রিল দুপুর প্রায় ১২টার সময় ফিরোজপুর সেক্টর এলাকায় অপারেশনাল ডিউটিতে ছিলেন। সেই সময় তিনি অজান্তেই পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন এবং পাকিস্তানি রেঞ্জার্স তাকে আটক করে।
 
বিবৃতি মতে, আটকের পরপরই বিএসএফের তরফ থেকে পাকিস্তান রেঞ্জার্সের সেঙ্গে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। এর বাইরে অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করেও প্রচেষ্টা চালানো হয়। বিএসএফের নিরন্তর প্রচেষ্টায় ওই কনস্টেবলের প্রত্যাবাসন সম্ভব হয়েছে। 

এদিকে নিরাপত্তা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বুধবার ওয়াঘা-আটারি সীমান্ত পোস্টে পাকিস্তান ও ভারত একজন করে বন্দি বিনিময় করেছে। সূত্র অনুসারে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য পূর্ণম কুমার শ’কে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। বিনিময়ে পাঞ্জাব রেঞ্জার্সের মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments