২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দেয়ার দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের

Date: 2025-05-14
news-banner

২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দেয়ার দাবি জানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।


বুধবার (১৪ মে) সকালে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি করেন।

ব্যবসায়ীরা জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে কৃষি মার্কেটে আগুনের ঘটনায় দীর্ঘ ২০ মাস ধরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। সম্প্রতি মার্কেটের পুড়ে যাওয়া অংশের নির্মাণকাজ শেষ হলেও বহিরাগতদের বাধায় ব্যবসা শুরু করতে পারছেন না ক্ষতিগ্রস্তরা। আর এ অবস্থা নিরসনে উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে।

তবে মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, আগুন লাগার পর ৯৯৯ কল দেয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসেনি। আগুনের সূত্রপাতের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু ফায়ার সার্ভিস পর্যাপ্ত পানি আনেনি। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশিরভাগ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এই মার্কেটে পাঁচশ’র বেশি দোকান ছিল। এর মধ্যে জুয়েলারি, চাল, প্লাস্টিক, কাপড়, কসমেটিকস, জুতা ও কাঁচামালের দোকান ছিল। কয়েক হাজার ব্যবসায়ী এখানকার ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

Leave Your Comments