পিএসএল শেষে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের আগে সাদা বলে নতুন কোচ পেল মেন ইন গ্রিনরা।
নিউজিল্যান্ডের মাইক হেসনকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হেসন এই মুহূর্তে পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে টুর্নামেন্ট স্থগিতের আগে ৬ দলের পিএসএলে তৃতীয় স্থানে ছিল ইসলামাবাদ।
আগামী ২৬ মে থেকে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে হেসন অধ্যায় শুরু হবে। সাদা বলে লাগাতার ব্যর্থতার পাকিস্তানের কোচের পদে সাম্প্রতিককালে কালে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। সবশেষ গত এপ্রিলে আকিব জাভেদের অধীনে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। সেই সিরিজের পর থেকেই কোচের পদ ফাঁকা পড়ে ছিল।
এর আগে নিউজিল্যান্ডের কোচ হিসেবে সাফল্য লাভ করেছেন ৫০ বছর বয়সী হেসন।