রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকায় মোমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারাল আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে থানায় খবর দেয়া হয়। হাসপাতালে এসে জানতে পারেন, সকালে রাকিব নামে এক যুবক মুমূর্ষু অবস্থায় মোমিন নামে ওই যুবককে নিয়ে এসেছিলেন। তিনি পুলিশকে জানিয়েছিলেন, আরামবাগ কাঁচা বাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মোমিন। দেখতে পেয়ে রাকিব তাকে হাসপাতালে নিয়ে এসেছেন।
এসআই জানান, মরদেহ রেখে রাকিব নামে ওই যুবকও হাসপাতাল থেকে চলে গেছেন। ঘটনার বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি। রাকিবকে খুঁজে পাওয়া গেলে ঘটনার বিবরণ জানা যেতে পারে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, রাকিব নামে এক যুবক মোমিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। নিহতের নাম বাদে আর কিছু জানাতে পারেননি তিনি। তবে মোমিন নয়াপল্টন এলাকার কোনো একটি কারখানায় কাজ করে বলে জানিয়েছিলেন রাকিব। তার গলার ডান পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।