আবার কবে মাঠে গড়াবে স্থগিত আইপিএল?

Date: 2025-05-11
news-banner

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় খেলার মাঝেই বন্ধ হয়ে যায় আইপিএল। এরপর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আসর। তবে দুই প্রতিবেশী দেশ সংঘাত বিরতিতে যাওয়ায় দ্রুত ফের টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


তবে বিসিসিআই চাইলেও এখনই শুরু করতে পারবে না আইপিএল। কারণ অনেক কিছুই নির্ভর করছে ভারত সরকারের উপর।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানান, বিসিসিআই এখন নতুন করে সময়সূচি তৈরি করছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরু করার বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন করে টুর্নামেন্ট শুরু ভারত সরকারের অনুমতির উপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।

অরুণ ধুমাল বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। আমরা এখন আইপিএল আবার শুরু করে শেষ করার সম্ভাবনা খতিয়ে দেখছি। যদি সঙ্গে সঙ্গে আয়োজন করা সম্ভব হয়... তবে আমাদের ভেন্যু, তারিখ ইত্যাদি সবকিছু নতুন করে ঠিক করতে হবে এবং আমরা এখন সমস্ত অংশীদার যেমন-টিম মালিক, সম্প্রচারকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সরকারে সঙ্গে আলোচনা করতে হবে।’

বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান, বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার (১১ মে) নতুন সময়সূচি নিয়ে আলোচনা করবেন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘সংঘাত শেষ হয়েছে। নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। আমরা দেখব কোন সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট শেষ করা সবচেয়ে ভালো হবে।’

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বিসিসিআই সব আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের প্রস্তুত থাকতে বলেছে। কারণ বোর্ড যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় টুর্নামেন্টটি শুরু করতে চায়। বিসিসিআই প্রতিটি দলের সঙ্গে কথাবার্তা বলছে যেন বিদেশি খেলোয়াড়রা সংক্ষিপ্ত সময়ে দ্রুত ফিরতে পারবেন। কারণ ইতোমধ্যে অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ (১২টি লিগ ও ৪টি প্লে-অফ) আয়োজনের জন্য বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ- এই তিনটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সরকারের অনুমতির পর।

এদিকে হিন্দুস্তান টাইমসকে এক বিসিসিআই কর্মকর্তা জানান, আইপিএল ২০২৫ সম্ভবত আগামী সপ্তাহে আবার শুরু হতে পারে। তাতে ২৫ মে নির্ধারিত ফাইনাল পিছিয়ে যেতে পারে। এক্ষেত্রে বিসিসিআই চিন্তিত যে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার খেলোয়াড়দের জন্য বিষয়টি জটিল হতে পারে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১১ জুন লর্ডসে শুরু হচ্ছে।

আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘হয়তো আরও কয়েকটি ডাবল হেডার (এক দিনে দুই ম্যাচ) যুক্ত করতে হতে পারে। তবে আলোচনা করে আমরা চেষ্টা করব যেন প্রতিটি দল তাদের হোম অ্যাডভান্টেজ পেতে পারে।’

Leave Your Comments