মেয়ে থেকে মা, তারপর শুরু হয় নতুন যাত্রা

Date: 2025-05-11
news-banner

কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা দিতে পারেন শুধুই একজন, তিনি মা। নিজেকে উজাড় করে ভালোবাসেন, ভালোবাসতে শেখান। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের সঙ্গে থাকেন। মঙ্গল কামনা করে চলেন প্রতিনিয়ত। বিশ্ব মা দিবসে একজন মেয়ের মা হয়ে ওঠার গল্প থাকছে সময়ের পাঠকদের জন্য।


আমাদের চারপাশে প্রায় প্রতিটি গর্ভবতী নারীর ক্ষেত্রে একটি ছবি দেখতে পাই। আর সেটি হলো, গর্ভে থাকা অনাগত শিশুটির সঙ্গে আপন মনে কথা বলে যাওয়ার এক অপূর্ব দৃশ্য। সে দৃশ্য দেখে মনে হয়, শিশুটিও যেন তার মায়ের সঙ্গে কথা বলে যাচ্ছে

প্রিয় মা,
তুমি ঠিক ‘মা’ হলে কবে? তুমিও কি ছোট্ট ছিলে আমার মতো? জানি তুমি অপেক্ষায় আছো, কবে দেখবে আমায়? আমিও যে অপেক্ষা করছি, কবে মা বলে ডাকবো তোমায়।
গর্ভে থাকা শিশুকে মা জবাব দিচ্ছে- তুমি জানো, প্রথম তোমার হার্টবিট শোনার পর আনন্দে কেঁদেছিলাম। তারপর থেকে তোমাকে দেখার অপেক্ষায় কাটছে প্রতিটি মুহূর্ত।

তেমনই একজন রাবেয়া। কেবলই তার কোলজুড়ে এসেছে অমূল্য রতন। যার মুখের হাসির জন্য উজাড় করে দিতে পারে সব। মাতৃত্বের এই কঠিন যাত্রায় সঙ্গী ছিলেন রাবেয়ার মা।
রাবেয়া বলেন, ‘গত কয়েকটা মাসে যতটা কষ্ট হয়েছে, এখন সন্তানকে কোলে নেয়ার পর সেসব কষ্ট ভুলে গেছি।’

সন্তানকে তিলেতিলে বড় করেন মা। দিনরাত যত্ন। সন্তানের বড় হওয়ার যাত্রায় টিফিন তৈরি করে হাত ধরে স্কুল, তারপর ক্লাস শেষ করে ফেরার অপেক্ষা। মায়ের মমতার কাছে হার মানে সব।

মায়ের নিরাপদ কোলের উষ্ণতা আর কোমল স্পর্শে বেড়ে ওঠে যে শিশু, সেও একদিন হয়ে ওঠে মা।

এক মা তার সন্তানকে কোলে নিয়ে খেলা করছেন আর বলছেন, আমি ছাড়া ওর দুনিয়া অন্ধকার, আর কেউ ওর আপন না। এমন করে যত্ন করবে না।

সোনিয়ার বাবার মৃত্যুর পর মা-ই এক হাতে সংসার থেকে শুরু করে বিপদ-আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সেই দৃঢ় কঠিন মাও দুর্ঘটনা আর বয়সের ভারে এখন ছোট্ট শিশুর মতো হয়ে যান কখনও কখনও। এখন সন্তানকেই আগলে রাখতে হয় মাকে।


সোনিয়া বলেন, ‘এক সময় আমি মায়ের সন্তান ছিলাম। এখন মা আমার শিশু। তাকে আমি লালন-পালন করছি। শিশুর মতো আদর চায়, সময় চায়।

যিনি পাঠকের জন্য তুলে ধরেছেন মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প। তিনিও সব কোলাহল থেকে নিজেকে আলাদা করে মায়ের ছবির সামনে স্থির দাঁড়িয়ে থাকেন। ছবির ফ্রেম থেকে অপলক তাকিয়ে থাকা মাকে শোনান পছন্দের গান-

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি...

বলেন কথা, করেন কত কত প্রশ্ন- মা! তুমি অনেক দিন আমার গান শুনতে চাও না। আমাকে আদর করে ডাকো না। তবু হিমালয় থেকে সমতল আর এই শহরের ব্যস্ত অলিগলি সব জায়গায় আমি তোমার ডাক শুনতে পাই। মায়েরা কি কখনও হারিয়ে যায়? নাকি রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে?

Leave Your Comments