শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি। আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর মোঃ রুবেল মন্ডল হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল ও তার সহযোগী জুয়েল মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব-৪।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মন্ডলের ছেলে জুয়েল মন্ডল (৩৬)।
নিহত মোঃ রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের দেখাশোনা করতেন।
এর আগে আমজাত মন্ডল এর সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৭মে সকালে মোঃ রুবেল মন্ডলকে মাছের ঘের বিরোধের জের ধরে মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া পাড়াগ্রামের একটি মাছের ঘেরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ ঘটনার পর থেকে র্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে।
এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্ত্রীর নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, আমজাদ মন্ডল, ডা: জাকির, শান্ত, জাইদুল মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মন্ডল, মুনসুর মন্ডল, আব্দুল হাই হায়েল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডল সহ মোঃ রুবেল হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।
পরবর্তীতে র্যাব-৪ সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।