চোটের কবলে পড়ে আইপিএল থেকে ছিটকে গেছেন পাঞ্জাব কিংসের অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মৌসুমে তাকে আর মাঠে দেখা যাবে না। তবে তার বদলি হিসেবে পাঞ্জাব কিংস দলে নিয়েছে আরেক অজি ক্রিকেটার মিচেল ওয়েনকে।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাক্সওয়েল ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। তার বদলি খুঁজতে খুব একটা বেগ পেতে হয়নি প্রীতি জিন্তার দলকে। বিগ ব্যাশে দারুণ খেলে নজর কেড়েছেন অজি ক্রিকেটার মিচেল ওয়েন। আর তাকেই ম্যাক্সওয়েলের বদলি হিসেবে দলে নিল পাঞ্জাব কিংস।
এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর-নাহিদ রানার দল পেশোয়ার জালমির হয়ে খেলছেন মিচেল ওয়েন। কিন্তু আইপিএলে তাকে কবে নাগাদ পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে পরিস্কার করে এখনও কিছু জানা যায়নি।
আইপিএলের নিলামে গত বছরও নিজের নাম নিবন্ধন করেছিলেন ওয়েন। কিন্তু সেবার সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি তাকে।
এখন পর্যন্ত ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েন। যেখানে দুটি সেঞ্চুরিসহ করেছেন ৬৪৬ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট। বিগ ব্যাশের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির পর এসএটি-টোয়েন্টি, পিএসএলে খেলেছেন ওয়েন।
পিএসএলের পয়েন্ট তালিকার বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছে পেশোয়ার। যে কারণে তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা খুবই কম। গ্রুপ পর্বে তাদের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে। সেক্ষেত্রে পিএসএল শেষ করে আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন মিচেল ওয়েন। ৩ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।