ঝিনাইদহে ভ্যানে উঠে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

Date: 2025-05-04
news-banner

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানচাপায় আল ফারাবি সুজন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৪ মে) দুপুরে উপজেলার স্টেশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আল ফারাবি উপজেলার স্টেশনপাড়া এলাকার বাসিন্দা শেখ শামীম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশনপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানে সবজি বিক্রি করছিলেন এক বিক্রেতা। একপর্যায়ে তিনি ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান। ওই সময় আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে ফেলে।
চালু অবস্থায় ভ্যানটি সামনের দিকে এগিয়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave Your Comments