শুক্রবার (২ মে) সকালের ফ্লাইটে ঢাকার মাটিতে পা রাখেন শ্যাম। ওইদিনই রাতে ছোটেন সিনেমা হলে। দর্শকদের সঙ্গে বসে উদ্যাপন করেন নিজের অভিনীত সিনেমা।
বিশেষ অনুভূতি প্রকাশ করে শ্যাম বলেন, ভক্তদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব উচ্ছ্বাসিত। এটা যেকোনো অভিনেতার জীবনেই স্বপ্ন থাকে যে সিনেমাটি যে করেছে তা দর্শকপ্রিয়তা পাবে। অর্ন্তজালে অনেক মন্তব্য পড়বে। তবে আমি বাংলাদেশি দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার কল্পনারও বাইরে।
শ্যাম আরও বলেন, আমি দর্শকদের এমন ভালোবাসা পেয়ে লোভী হয়ে গেছি। সামনে আরও ভালো কাজ করব। আশা করছি, দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব। সেই সঙ্গে নিজের পারিশ্রমিকটাও বাড়াব।
ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনাও রয়েছে শ্যামের। হাতে কয়েকটি কাজের অফারও রয়েছে। তবে নতুন কাজগুলো অফিসিয়ালি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই জানাতে চাইলেন না এ অভিনেতা।
ব্লক বাস্টার হিট ‘বরবাদ’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পিএস ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করেছেন শ্যাম। এ সিনেমায় শাকিবের দেয়া ডায়ালগ ‘এই জিল্লু মাল দে’ এখন দর্শকের মুখে মুখে।
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।