ভারতের সাথে উত্তেজনা কমাতে ট্রাম্পকে পদক্ষেপ নেয়ার আহ্বান পাকিস্তানের

Date: 2025-05-01
news-banner

ভারতের সাথে চলমান উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। বৃহস্পতিবার (১ মে) মার্কিন ম্যাগাজিন নিউজউইকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।


বুধবার (৩০ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ নিউজউইককে বলেন, (ট্রাম্পের কথা উল্লেখ করে) ‘এই প্রশাসনের সময় বিশ্বে শান্তির পক্ষে অবস্থান নেয়া একজন প্রেসিডেন্টের জন্য কাশ্মীর ইস্যুর চেয়ে ‘উচ্চতর বা জোরালো) আর কিছু নেই।’ 

 
শেখ বলেন, ‘ট্রাম্প এমন একজন যিনি যুদ্ধ শেষ করেছেন, যুদ্ধকে অস্বীকার করেছেন এবং বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রেখেছেন। তাহলে আমার মনে হয়, কাশ্মীরের মতো ইস্যুও ট্রাম্পের কাছে সর্বোচ্চ গুরুত্ব পেতে পারে।’

২২ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। এটি ২০০০ সালের পর থেকে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।

প্রতিবেদনে দাবি করা হয়, ভারত প্রমাণ ছাড়াই হামলার সাথে সীমান্তের বাইরে যোগাযোগের কথা বলেছে। অন্যদিকে পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এরপর থেকে উত্তেজনা দিন দিন তীব্র আকার ধারণ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে ‘কার্যকরী স্বাধীনতা’ দিয়েছে।
 
এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে ভারত থেকে অনুপ্রবেশের আশঙ্কা করার মতো গোয়েন্দা তথ্য তাদের হাতে আছে।

এছাড়া সম্ভাব্য সামরিক সংঘর্ষ রোধে অন্যান্য দেশের কূটনৈতিক চ্যানেলগুলো কাজে লাগানো হয়েছে বলেও জানায় পাকিস্তান।এদিকে, যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজউইকের মতে শেখ যুক্তি দিয়েছিলেন যে, পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনকে অতীতের মার্কিন প্রচেষ্টার চেয়ে আরও ব্যাপক এবং টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমি মনে করি আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি, তাতে কেবল তাৎক্ষণিক উত্তেজনা কমানোর ব্যবস্থার উপর মনোনিবেশ না করে পরিস্থিতি মোকাবেলার করার একটি বড় সুযোগ রয়েছে।’

সাক্ষাৎকারে শেখ জোর দিয়ে বলেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সকল সমস্যার মূল কারণ কাশ্মীর সমস্যা। তাই তিনি কাশ্মীর বিরোধে ট্রাম্পকে পদক্ষেপ নিতে এবং টেকসই এবং স্থায়ী সমাধানের আহ্বান জানান। 

Leave Your Comments