নরসিংদীর শিবপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
মৃতরা হলো- শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (৯)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।নিহতের স্বজনরা জানান, মামা বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। এসময় স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।