অটোরিকশা থামিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধ লাখ টাকা ছিনতাই

Date: 2025-05-01
news-banner

বাড়ি ফেরার সময় রাজধানীর তেজগাঁওয়ে সিটি পাম্পের বাম পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আল আমিন (৫০) নামের ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় তাঁর কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।


গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আল আমিন ভোলার বোরহান উদ্দিন উপজেলার ছোট মনিকা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তেজগাঁও পূর্ব স্টেশন রোড এলাকায় থাকেন তিনি।


আহত ব্যবসায়ীর মামা আমজাদ হোসেন বলেন, ‘আমার ভাগিনা কাভার্ড ভ্যানের ব্যবসায়ী। গতকাল রাতে ব্যবসায়িক কাজ শেষে তেজগাঁও সিটি পাম্পের পাশ দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল সে। পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে করে মাথায় পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা শেষে নিউরোসার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।’


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘গতরাতে আল আমিন নামে ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর স্বজনেরা জানিয়েছেন, ছিনতাইকারীরা আল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাঁর কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’



Leave Your Comments