নাফ নদী থেকে ৪ জেলেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

Date: 2025-05-01
news-banner

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অপহৃত চার জেলে টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ পয়েন্টে থেকে তাদের ধরে নিয়ে যায়। অপহৃত চার জেলে হলেন, আনিস উল্লাহ, আনোয়ার সাদেক, আরাফাত উল্লাহ, মো. জাবের। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ 




টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাঝি মোহাম্মদ নুর বলেন, ক্যাম্প থেকে বের হয়ে অনেকেই নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে নাফ নদীতে মাছ ধরছিল জেলেরা। এমন সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ভেলাসহ চার জেলেকে ধরে নিয়ে যায়। এ সময় নদীতে ঝাপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে চলে আসে বলেও জানান রোহিঙ্গা মাঝি মোহাম্মদ নূর।


গেল ৮ এপ্রিল মাছ ধরার সময় নাফ নদীর মোহনা থেকে ১১ জেলেসহ পাঁচটি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবির মাধ্যস্ততায় তাদের ছেড়ে দেয়।

Leave Your Comments