শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

Date: 2025-05-01
news-banner

ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে। মালিক শ্রেণিকে বলা হয়েছে, গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও। আজ মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস।১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর তখন গুলি চালায় পুলিশ, তাতে অর্ধশত লোক হতাহত হয়। 

বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে তারা আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের ৮০টি রাষ্ট্রে সরকারিভাবে এই দিবসটি পালিত হচ্ছে। বেসরকারি ভাবেও এই দিবসটি পালিত হচ্ছে  বিশ্বের বিভিন্ন প্রান্তে। শ্রমিক মালিক উভয় পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় সাধন করে শ্রমিকজনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এক্ষেত্র শ্রম ও শ্রমিকের অধিকার সংক্রান্ত ইসলামের নির্দেশনাসমূহ অনুসরণ অপরিহার্য।

গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিক-জনতা কোনোভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষ্যে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।তারা আরও বলেন, আজ‌ও আমরা দেখতে পাই শ্রমিকদের তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে ছাঁটাই করা হয়। সরকারকে এসব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave Your Comments