২০২২ এর পর ওপেনিংয়ে প্রথম শতরান, চার বছর পর সাদমানের সেঞ্চুরি

Date: 2025-04-29
news-banner

সিলেট টেস্টে লজ্জাজনক হারের পর চট্টগ্রাম টেস্টের দলে নিয়ে আসা হলো এনামুল হক বিজয়কে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়লেন মাহমুদুল হাসান জয়। বাজে পারফরম্যান্সের কারণে জয় বাদ পড়লেও সাদমান ইসলাম টিকে যান। বিজয়ের সঙ্গে চট্টগ্রামে ওপেনিং করতে নেমে এই বাঁহাতি জ্বলে উঠলেন। বাংলাদেশও ২০২২ সালের পর ওপেনিংয়ে প্রথমবারের পেল শতরানের জুটি। মধ্যাহ্ন বিরতির পর বিজয় আউট হয়ে গেলেও সাদমান তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। দিনের প্রথম বলেই জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নেয়ার পর ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের জুটি গড়ে।

দীর্ঘ ৩ বছর পর টেস্টে ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। ২০২২ সালে ভারতের বিপক্ষে এই চট্টগ্রামেই শেষবার শতরানের জুটি গড়েছিলেন বাংলাদেশের ওপেনাররা।  মধ্যাহ্ন বিরতির পর বিজয়কে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুজারাবানি। ৮০ বলে ৪ চারে ৩৯ রান করে আউট হন বিজয়।

বিজয় বিদায় নিলেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাদমান। ২২ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।৪২তম ওভারের দ্বিতীয় বলে এনগারাভাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান।  এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০২১ সালের জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপর আরও তিনবার অর্ধশতক হাঁকালেও পাননি সেঞ্চুরির দেখা। গত বছর রাওয়ালপিন্ডি টেস্টে ৯৩ রানে আউট হয়ে হতাশ হতে হয়েছিল তাকে।

এদিন সেঞ্চুরির পাশাপাশি টেস্টে হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন সাদমান।
৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৬। জিম্বাবুয়ের চেয়ে এখনও ৭১ রানে পিছিয়ে বাংলাদেশ। সাদমান ব্যাট করছেন ১০৩ রানে। সঙ্গী মুমিনুল ১২ রানে অপরাজিত।

Leave Your Comments