ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানিকৃত ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি থাই বিআইএনএইচ০৯’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ ২৮ এপ্রিল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাহাজে আনা চালের নমুনা পরীক্ষার পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।



এর আগে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে জিটুজি চুক্তির মাধ্যমে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সেই চুক্তির আওতায় ইতোমধ্যে চাল দেশে এসে পৌঁছেছে।

চাল আমদানির এই উদ্যোগ দেশের খাদ্য মজুত শক্তিশালী করতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।