আশুলিয়ায় মেলার আড়ালে জুয়া : যুবসমাজ বিপথগামী, প্রশাসনের নীরবতা রহস্যজনক

Date: 2025-04-21
news-banner



শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার বিভিন্ন এলাকায় মেলার নামে চলছে প্রকাশ্যে জুয়া, যার কারণে ধ্বংসের পথে যুবসমাজ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি রানা ও তার সহযোগীরা জামগড়া, ইয়ারপুর, নরসিংহপুর ও জিরাবোসহ আশুলিয়ার একাধিক স্থানে নিয়মিতভাবে মেলা বসিয়ে লটারি ও নানা ধরণের জুয়ার আয়োজন করে চলেছেন। অথচ এসব অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও রহস্যজনকভাবে নীরব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, এসব জুয়ার আসরে অংশ নিতে গিয়ে বহু যুবক মোটা অঙ্কের অর্থ হারিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করছে। অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে শুধুমাত্র জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জুয়ার আসর ঘিরে এলাকায় রাতের বেলা চুরি-ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, পুলিশ সব জেনেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।

তারা অবিলম্বে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave Your Comments