নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শহরসহ আশেপাশের এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, যিনি নিজেকে ‘দীর্ঘ ২৫ বছর ধরে সাংবাদিক’ বলে দাবি করলেও বাস্তবে তার সঙ্গে কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি একটি আঞ্চলিক পত্রিকার নাম ব্যবহার করে নিজেকে সম্পাদক হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন দপ্তরে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন।
স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক পদ বাগিয়ে নিয়ে সরকারি জমি দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছেন তিনি। এসব স্থাপনার মালিকানা নিজের নামে না রেখে ভিন্ন ভিন্ন পরিচয়ে তা কাগজে-কলমে দেখিয়ে আইনের চোখ ফাঁকি দেন বলে অভিযোগ উঠেছে।
আরও জানা গেছে, কখনো সাংবাদিক, কখনো আইনজীবী হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। কোনো সাধারণ নাগরিক তার বিরুদ্ধে মুখ খুললে, তাদের মামলা-হামলার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের বক্তব্য, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি আওয়ামী লীগ দলের ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করেও প্রশাসনের চোখের আড়ালে থাকতে পেরেছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, সাধারণ মানুষ এই কথিত গণমাধ্যমকর্মীর দৌরাত্ম্যে অতিষ্ঠ। তারা দাবি করেছেন, এমন ব্যক্তির অপকর্ম তদন্ত করে তাকে আইনের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।