খান বশির, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা এসএসসি কেন্দ্র থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্র সচিবসহ ৯ জন শিক্ষককে পরীক্ষা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কেন্দ্রটি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।
সূত্রে জানা গেছে, শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় কেন্দ্রে তদারকির ঘাটতি ছিল। যদিও পরীক্ষার প্রথম দিনেই একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়, তবে পরবর্তী দিনগুলোতে নকলসহ নানা অনিয়ম চলমান ছিল। ইউএনও নজরুল ইসলাম কেন্দ্রে উপস্থিত হয়ে বই, নকলের চিরকুট এবং এক পরীক্ষার্থীর খাতা দেখে অন্যজন লিখছে—এমন দৃশ্যের প্রমাণ পান। তাৎক্ষণিকভাবে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করেন।
পরবর্তীতে কেন্দ্র সচিবসহ নিচের ৯ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়:
রফিকুল ইসলাম (ছৈলাবুনিয়া মাদ্রাসা)
মাহমুদুল হাসান (তালতলা দাখিল মাদ্রাসা)
এমদাদুল হক (পালট দাখিল মাদ্রাসা)
মো. রেজাউল করিম (ডেবরা দাখিল মাদ্রাসা)
মো. জহিরুল ইসলাম (ভেরনবাড়িয়া আলিয়া মাদ্রাসা)
নিবারন জোমাদ্দার (চর আমতলী মাদ্রাসা)
মো. ফারুক হোসেন (তালতলা দাখিল মাদ্রাসা)
এছাড়া কেন্দ্র সচিব ও কেন্দ্র সুপারকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দেশের শিক্ষাব্যবস্থার মান ধরে রাখতে ও মেধার বিকাশ নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের নির্দেশনা অনুযায়ী যেকোনো অনিয়মে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় নলছিটি উপজেলার মোট ৩,৭৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২টি মাদ্রাসার মোট ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।