শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) ঈদ উপলক্ষে আয়োজিত খিচুড়ি খাওয়ার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এলাকার প্রভাব বিস্তার নিয়ে হাকিম মাদবর গ্রুপ ও মতি চৌকিদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঈদের দিনে চিকন্দী ইউনিয়নের বড় সুন্দীপ ঠান্ডার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খিচুড়ি খাওয়ার আয়োজন করে চৌকিদার গ্রুপের সমর্থকরা।
এ সময় হাকিম মাদবর গ্রুপের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আলী সরদার, হাকিম মাদবর ও হযরত আলী মাদবর দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালান। হামলায় চৌকিদার গ্রুপের চারজন এবং মাদবর গ্রুপের একজন আহত হন।
আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে চৌকিদার গ্রুপের মোস্তফা মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর মতি চৌকিদার পালং মডেল থানায় হাকিম মাদবর গ্রুপের ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর: জি আর ১০/২০২৫। অন্যদিকে, বিপক্ষ পক্ষ থেকেও একটি পাল্টা মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।