সাবেক এমপি রত্না আমিনের নাম ভাঙিয়ে প্রতারণা, অভিযোগ জাতীয় পার্টির কর্মী রহিমনের বিরুদ্ধে

Date: 2025-04-13
news-banner



এ আর হানিফ, বরিশাল:

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩ নম্বর পাদ্রি শিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন একটি প্রতিবন্ধী ও এতিমখানা মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে প্রায় নয় লাখ টাকা প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির এক কর্মী রহিমনের বিরুদ্ধে। তিনি সাবেক সংসদ সদস্য মোসাম্মাৎ রত্না আমিনের নাম ভাঙিয়ে এ প্রতারণা করেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমন নিজেকে সাবেক এমপি রত্না আমিনের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরির প্রলোভনে ১০ জন সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। অভিযুক্ত রহিমনের স্বামী হলেন মো. আব্দুল মান্নান ফকির, এবং তিনি ইয়াকুব আলী ফকিরের পুত্রবধূ হিসেবে এলাকায় পরিচিত।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন:
১। বাবুল হাওলাদার
২। মো. ফারুক মৃধা
৩। মো. জলিল মৃধা
৪। মো. শাজাহান সিকদার
৫। মো. মোখলেসুর রহমান
৬। আনোয়ার মৃধা
৭। মো. বেলাল শিকদার
এছাড়া আরও তিনজন রয়েছেন, যাদের নাম স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, সাবেক এমপি রত্না আমিন কাজীবাড়ি সংলগ্ন একটি প্রতিবন্ধী ও এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে রহিমন মাদ্রাসায় চাকরি দেওয়ার কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন এবং বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

এছাড়াও জানা গেছে, রত্না আমিন সংসদ সদস্য থাকাকালীন সময়েও রহিমন নানা অজুহাতে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করতেন। শুধু মাদ্রাসার চাকরির নামে নয়, টিউবওয়েল বসানোর নামেও হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, রহিমন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন।
অভিযুক্ত রহিমনের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

Leave Your Comments