সবুর খান
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের খননকৃত ইছামতী নদীর মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে সেলিম রেজা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সরেজমিনে জানা গেছে, উপজেলার সোনামুখি ইউনিয়নের উত্তর পাইকপাড়া ব্রিজ থেকে দক্ষিণ পাইকপাড়ার শেষ সীমানা পর্যন্ত নদীর দু’পাশের মাটি বিএনপির নাম ব্যবহার করে জোরপূর্বক বিক্রি করেছেন সেলিম রেজা।
স্থানীয়দের অভিযোগ, নদী খননের সময় পানি উন্নয়ন বোর্ড নদীর দু’পাশের জমিতে উত্তোলিত মাটি সংরক্ষণ করে। পরে সেলিম রেজা ও তার সহযোগীরা ভুয়া কাগজপত্র তৈরি করে নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেন এবং রাতের আঁধারে মাটি বিক্রি করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রশাসন নদীর বাঁধ ভেঙে দিয়ে মাটি বিক্রি বন্ধের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে সেলিম রেজা পুনরায় নদীতে বাঁধ নির্মাণ করে অবাধে মাটি বিক্রি অব্যাহত রাখেন।
স্থানীয় কৃষক নুরুল ইসলাম জানান, “নদীর পাশে আমাদের জমিতে পানি উন্নয়ন বোর্ড খননের পর মাটি সংরক্ষণ করেছিল। কিন্তু সেলিম রেজা সেই মাটির পাশাপাশি আমাদের জমির সমতল থেকে প্রায় ৪ ফুট গভীর করে মাটি কাটছেন এবং জোরপূর্বক ভেকু দিয়ে তা বিক্রি করছেন। আমরা বাধা দিলে তিনি প্রাণনাশের হুমকি দেন। অন্য এক কৃষক জেল হোসেন বলেন, “আমার জমির লাগানো গাছের চারা কেটে ফেলে রাস্তা তৈরি করা হয়েছে, যেখান দিয়ে ড্রাম ট্রাকে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। বাধা দিলে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিচ্ছেন সেলিম রেজা।”
নদীর দু’পাশের মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ করতে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ইছামতী নদীর সুরক্ষা নিশ্চিত হয় এবং কৃষকদের জমির ক্ষতি না হয়।