সিম্মি সানাম
রাজধানীর গেন্ডারিয়ার শহীদ চেয়ারম্যান এলাকার ঢালকানগরে পূর্ব শত্রুতার জেরে মো. সিয়াম (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা, এমনটাই দাবি করেছেন তার স্বজনরা।
নিহত সিয়াম মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রী কৃষ্ণা দীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে সে গেন্ডারিয়ার সাধনা গলিতে ভাড়া থাকত এবং বাবার পান-সিগারেটের দোকানে কাজ করত।
নিহতের মামা মো. হারুন জানান, গতকাল রাত আটটার দিকে বাবার দোকানের কাজ শেষে সিয়াম ঢালকানগর এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের সদস্য সুয়াদ ও তাসিন তাকে চাপাতি দিয়ে পেছন থেকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।