কল্লোল আহমেদ স্টাফ রিপোর্টার
লালমনিরহাট।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবীর ব্যতিক্রমী বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জনগণের প্রতি তার দৃষ্টিভঙ্গি ও গঠনমূলক বার্তা প্রশংসিত হয়েছে সর্বমহলে।
ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, **"আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম। জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক, আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে সরাসরি আমাকে জানান।"**
তিনি আরও বলেন, **"মাদক সমাজের শত্রু। যদি কেউ সন্দেহজনকভাবে ধনী হয়ে যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে পুলিশকে জানান। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন, যাতে অপরাধীরা আতঙ্কে থাকে।"**
ওসির এই জনবান্ধব বক্তব্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম মহোদয়ের নজরে এলে, তিনি ১ মার্চ এক শুভেচ্ছা পত্রে ওসি নূরনবীর কাজের প্রশংসা করেন। তিনি লিখেন, **"জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি।
আইজিপির শুভেচ্ছা পত্র পেয়ে ওসি নূরনবী আরও অনুপ্রাণিত হয়েছেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, **"ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের। আইজিপি মহোদয়ের শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত থাকবো।"
ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।