বদলির আদেশ অমান্য করে বহাল তবিয়তে জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম!

Date: 2025-03-01
news-banner



সাতক্ষীরা প্রতিনিধি: 

বদলির আদেশ জারির পরও বহাল তবিয়তে রয়ে গেছেন সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, গত চার বছরে তিনি সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের নামে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং নামে-বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ।

সরকারি আদেশ অনুসারে, ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০৮৩.১৯.০০১.২২.১০৩ নং স্মারকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শহিদুল ইসলামকে কুষ্টিয়া জেলায় বদলির নির্দেশ দেয়। কিন্তু সেই আদেশ কার্যকর না করে তিনি এখনো সাতক্ষীরা অফিসেই বহাল রয়েছেন।

অঢেল সম্পদের পাহাড়!

সূত্র জানায়, শহিদুল ইসলামের নামে যশোরের নিউমার্কেট সংলগ্ন এলাকায় রয়েছে পাঁচতলা বাড়ি, যশোরের আবাসিক এলাকায় ৮-১০টি প্লট, গোপালগঞ্জের কাশিয়ানিতে বিলাসবহুল বাড়ি এবং একাধিক দামি গাড়ি।

এছাড়া, অভিযোগ রয়েছে যে তিনি ছুটির দিনে সাতক্ষীরা অফিসে বসে বদলি আদেশের নথিপত্র গায়েব করেছেন, যাতে তার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা ব্যাহত হয়।

দুর্নীতির আখড়ায় পরিণত সাতক্ষীরা অফিস!

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ২০২১ সালের মে মাসে শহিদুল ইসলাম সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তার বিরুদ্ধে প্রায় দুইশ কোটি টাকার টেন্ডার নয়-ছয় করারও অভিযোগ রয়েছে।

সাতক্ষীরার সচেতন নাগরিকরা প্রশ্ন তুলেছেন— বদলির সরকারি আদেশ সত্ত্বেও কেন শহিদুল ইসলাম এখনো একই কর্মস্থলে বহাল? তার পৃষ্ঠপোষকতা কে দিচ্ছে? প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দ্রুত খতিয়ে দেখবেন বলে আশা করা হচ্ছে।

Leave Your Comments