মিঠাপুকুরে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Date: 2025-02-19
news-banner

স্টাফ রিপোর্টার।।

রংপুরের মিঠাপুকুরে সাবেক এমপি, জাকির হোসেন সরকারের ভাগিনা কর্তৃক সংখ্যালঘুর বাড়িঘর ভাংচুর এবং জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ -ফেব্রুয়ারি) বিকাল চারটার সময় মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে  সংখ্যালঘু তিনটি পরিবারের ভুক্তভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রফুল্ল সাহা বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি জাকির হোসেন সরকারের ভাগিনা আক্তারুজ্জামান সোহাগ, আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে রেখেছে। তার মামা জাকির হোসেন সরকার উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হওয়ার পর সোহাগ সংখ্যালঘুদের উপর জুলুম পীড়ন নির্যাতন চালিয়েছেন। আমার পৈত্রিক সম্পত্তির ৯ শতাংশ বসতভিটা জোর পূর্বক দখল করে প্রাচীর নির্মাণ করে এবং আমাদের তিনটি পরিবারকে উচ্ছেদ করেন। আইনকানুনের তোয়াক্কা এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার গুন্ডা বাহিনি দিয়ে বেশকিছুদিন থেকে আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন বারবার গিয়ে তাকে সতর্ক করলেও আক্তারুজ্জামান সোহাগ, আমাদের ভয়ভীতি দেখিয়ে তার কাজ চলমান রেখেছেন।

এসময় প্রফুল্ল সাহার পরিবার সংবাদ সম্মেলনে কাঁন্নায় ভেঙে পড়ে বলেন, আমাদের দয়া করে একটু মানবিকতা দেখান।  যারা সংখ্যালঘু ভেবে আমাদের উপর নির্যাতন চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের বিষয়ে আক্তারুজ্জামান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোর্ট আমাকে কোনো নির্দেশনা দেয়নি। বিষয়টি সত্য নয়। আমার কাছে সমস্ত কাগজ আছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ বিষয়টি নিয়ে আন্তরিকতার সহিত কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি গুরত্ব সহকারে দেখা হবে।

Leave Your Comments