নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির (আইবিবিপিএলসি) এমডি মোহাম্মদ মনিরুল মাওলার দুর্নীতির অভিযোগে তার পদত্যাগ বা অপসারণের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক গ্রাহক, ছাত্র-জনতা এবং ব্যাংকার অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার দীন মোহাম্মদ (এসপিও, আইবিবিপিএলসি), মোহাম্মদ মাসুম বিল্লাহ (এসও, আইবিবিপিএলসি), আকমাম হোসেন (এসপিও, আইবিবিপিএলসি), আবুল কালাম আজাদ (এসপিও, আইবিবিপিএলসি) এবং নুরুল্লাহ সাঈদি (এভিপি, আইবিবিপিএলসি)। সভাপতিত্ব করেন বি এম আনোয়ার হোসাইন, আহ্বায়ক-স্টার্ক (এসপিও, আইবিবিপিএলসি)।
বক্তারা জানান, ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও নাবিল গ্রুপের মাধ্যমে ১ লাখ ৫ হাজার কোটি টাকা লুটপাট এবং পাচার করা হয়েছে, যা বিগত আওয়ামী সরকারের সময়কালে ঘটেছে। এই দুর্নীতির অন্যতম সহযোগী হিসেবে দায়ী করা হয় ব্যাংকের বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলাকে। বক্তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরও অদৃশ্য শক্তির সহযোগিতায় তিনি এমডি পদে বহাল রয়েছেন, যদিও অন্যান্য ব্যাংকের দুর্নীতিগ্রস্ত এমডিদের বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অপসারণ করেছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, দ্রুত মোহাম্মদ মনিরুল মাওলাকে পদত্যাগ করানো না হলে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘেরাও এবং প্রয়োজনে ইসলামী ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।