খান বশির, নিজস্ব প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ভিক্ষুক ও হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগীদের হাতে এসব যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, উপজেলা শ্রমিকদল সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে চারজন হতদরিদ্রের মাঝে এসব ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। নতুন ভ্যান পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা।
ভ্যান পাওয়া আমীর আলী বলেন, "আমার কোনো সন্তান নেই, স্ত্রীও নেই। আমি প্যারালাইজড হয়ে পড়েছিলাম। ইউএনও স্যার ওষুধ কিনে দিতেন। ভিক্ষা ছাড়া কোনো উপায় ছিল না। এখন এই ভ্যান চালিয়ে অন্তত দু'বেলা খেতে পারব।"
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভিক্ষাবৃত্তি কমাতে এবং দরিদ্র মানুষের স্বনির্ভরতা নিশ্চিত করতে এমন কর্মসূচি চালু থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।