শেখ রাসেল আশুলিয়া প্রতিনিধি।।
আশুলিয়ার জামগড়ার বাগবাড়ি রোডের কাঠালতলা এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে আফাজ উদ্দিনের বাড়ির ৫ম তলার একটি কক্ষ থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, শাওন (৩২) এবং তার স্ত্রী হাফিজা খাতুন (২৮)। তারা দুজনেই আশুলিয়ার দি-রোজ গার্মেন্টস পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, শাওনের নিথর দেহ বিছানায় পড়ে ছিল, আর তার স্ত্রী হাফিজার ঝুলন্ত মরদেহ ঘরের সিলিং ফ্যান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, দম্পতির মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।