সাইফুল আজম খান, সাতক্ষীরা প্রতিনিধি।
★মাটি খেকোদের দৌরাত্ম্য
★ইউনিয়ন বিএনপি'র প্রভাব বিস্তার
★সংবাদ প্রকাশে চায়ের দাওয়াত
সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া জুড়ে অবৈধ ডাম্পার ট্রাক, হল্লা গাড়ি ও ট্রলিতে করে মাটি বহনের হিড়িক পড়েছে। এতে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হলেও অজ্ঞাত কারণে প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে ভয়ঙ্কর মরণ ফাঁদ এসব যানবাহন। সড়কে এসব যানের উপস্থিতিতে বিঘ্ন ঘটাচ্ছে গণমানুষসহ বৈধ যানের স্বাভাবিক চলাফেরা। ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা।
অভিযোগ উঠেছে, কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম মনি ও স্থানীয় জনপ্রতিনিধির নির্দেশে কুলিয়া হিরের চক নামক থেকে মাটি অবৈধভাবে উত্তোলন করে ইটভাটা ও বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে। তাছাড়া ইউনিয়নের হিরের চক, বহেরা বাজার, সেকেন্দার মোড়, পারুলিয়া গরু হাটখোলা, শ্রীরামপুর বাজারসহ বিভিন্ন সড়ক দিয়ে চলাচল করে এসব যানবাহন। বিভিন্ন স্থানে পুকুর ও বিল ভরাট করার টেন্ডার নিয়ে অবৈধ যানে করে এসব মাটি পৌঁছে দেওয়া হচ্ছে।
বেশ কয়েক জন ট্রলি চালক ও ডাম্পার ট্রাক চালকদের সাথে কথা বললে তারা জানান, অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছে কিছু প্রভাবশালী নেতা। এসব যানবাহন চলাচলের কারণে রাস্তাঘাট ও জনসাধারণের ক্ষতি হচ্ছে, বর্ষা হলে রাস্তাঘাট কাদামাটি হয়ে যাবে এবং দূর্ঘটনা ঘটবে এমন আশংখ্যা করছে সাধারন মানুষ।
কুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা অনেক নির্যাতিত। তাই মাটি বিক্রি করে কিছু টাকা ইনকাম করছি। আপনি আসেন চা খায়। নিউজ করার দরকার নেই।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান আমি কারো অনুমতি দেয়নি। তারা গায়ের জোর খাটিয়ে এসব কাজ করছে। তিনি আরো বলেন, আমি বারবার বন্ধের জন্য বললেও তারা এসব কাজ করে যাচ্ছে।
সাতক্ষীরা দেবহাটার কুলিয়া এলাকায় এসব অবৈধ যানবাহন যাতে চলাচল বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।