চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডি কর্মকর্তার আত্মহত্যা

Date: 2025-01-23
news-banner

 
হাফিজুর রহমান 
জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সানোয়ার হায়দার নামে এক এলজিইডি কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার নয়াটোলা জমিলা লেন এলাকার বাসিন্দা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ নম্বর ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যখন সরিষাবাড়ি রেলস্টেশনে প্রবেশে করছিল। এ সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় সানোয়ার হায়দার। পরে চলন্ত ট্রেনে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। 

এ ঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার কারণেই সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সানোয়ার হোসেন উপজেলা বন্যা প্রকল্পের কার্যসহকারী ছিলেন। তিনি দুবছর ধরে এখানে কর্মরত আছেন। আজ সকালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তার পরিবারকে অবগত করা হয়েছে।

সরিষাবাড়ি রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ চন্দ্র দে বলেন, রেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

Leave Your Comments