দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, শীতে বিপর্যস্ত জনজীবন



মোঃআজাদুল হক
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 

চুয়াডাঙ্গায় জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।বৃহস্পতিবার  (২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপে এ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যেও প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। এ নিয়ে ১৬ দিন পর আবারো চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকপ। সকালে রোদ থাকলেও মূদু বাতাসে প্রচণ্ড শীত বিরাজ করছে। এই আবহাওয়ায় শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।


চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার  সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ১৬ দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে উঠানামা করছিল। তবে এখন তা আরো কমে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া প্রায় ১০ হাজার কম্বল উপজেলাগুলোতে প্রতিনিধির  মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। এছাড়া নগদ ৩০ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে, যা দিয়ে কর্মহীন মানুষের খাবারের ব্যবস্থাও করা সম্ভব হবে।

জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান ও এনজিওগুলো শীতবস্ত্র বিতরণ করছে।ছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানায় বস্ত্র বিতরণ করা হচ্ছে। 


 এদিকে আবহাওয়ার অফিস জানিয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।