খাস জমি নিয়ে বিরোধ: সমঝোতার পরও হামলার অভিযোগ

Date: 2025-01-04
news-banner

খাস জমি নিয়ে বিরোধ: সমঝোতার পরও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামে খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ সমঝোতার পরও সহিংসতার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আইয়ুব আলীর পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ শহিদুল হক সমঝোতা ভেঙে তাদের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলীর পৈতৃক সম্পত্তির পাশে থাকা  খাস জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখেছেন। তবে গত ৫ আগষ্টের পর শহিদুল হক তার সমর্থকদের নিয়ে ওই জমি জোরপূর্বক দখল করেন। এর পরিপ্রেক্ষিতে, গেল বছরের ৮ই  স্থানীয় মাতবরদের মধ্যস্থতায় এক বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন এবং মাতবররা আইয়ুব আলীর পক্ষে রায় দেন।

শহিদুল তার ভুল স্বীকার করায় মাতবররা আইয়ুব আলীকে জমির দখল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ রয়েছে, পরের দিন শহিদুল বৈঠকের রায় অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালান। এমনকি আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলাও দায়ের করেন।

আইয়ুব আলীর দাবি, সমঝোতার পরেও শহিদুলের এমন আচরণে আমরা আতঙ্কিত। আমাদের পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি।

শহিদুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নিজেও চাঁদাবাজির মামলা করেছি এবং আমার বিরুদ্ধেও আইয়ুব আলী চাঁদাবাজির মামলা করেছে। তবে বাস্তবে চাঁদাবাজির দুটি মামলাই ভুয়া এবং ভিত্তিহীন।

Leave Your Comments