সিম্মি আক্তার সানাম গেন্ডারিয়া প্রতিনিধি:
রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নুরুল হক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী ।
তিনি তার বক্তব্যে বলেন, "জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিএনপি কখনোই পিছিয়ে আসেনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি।"
সভায় শহীদদের স্মরণে মাগফেরাত কামনা শেষে শহীদ নুরুল হক মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা নুরুল হকের ছোট ভাই হাফেজ মো. ওয়াসেফ বিল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির প্রথম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, হামিদুর রহমান হামিদ, কাজী আবুল বাশার, রফিকুল আলম মজনু, হাসান উদ্দিন মোল্লা, তানভির আহম্মেদ রবিন, মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির, এম. জিলানী, মোজাম্মেদ মুক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।