মাসুদুর রহমান
খুলনা প্রতিনিধি:
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ও নভোথিয়েটারসহ চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আজ সোমবার ২৩-১২-২০২৪ তারিখ খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন। ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান এবং ১৭ জানুয়ারি বিকাল ৪টায় খালিশপুর পিপলস গোল চত্তরে মানববন্ধন।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প দ্রুত একনেকে অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য খুলনার ভেতরে ১৫০ একর জমির সংস্থান করা। খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হরিণটানা, লবণচরা ও আড়ংঘাটা থানা এলাকাসহ পূর্বেও প্রস্তাবিত মৌজাগুলো সিটি করপোরেশনের আওতায় এনে সম্প্রসারিত এলাকায় পরিকল্পিত নগরায়ন এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কেডিএকে উদ্যোগ গ্রহণ। এছাড়া আফিল গেট থেকে কুদির বটতলা পর্যন্ত জাতীয় মহাসড়ক (রূপসা সেতুর বাইবাস) ৬ লেনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প দ্রুত অনুমোদন এবং সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত শুরু করা। রাষ্ট্রায়ত্ত পাটকলসহ বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, টেক্সটাইল মিল এলাকায় থিম পার্ক প্রকল্পের গতি ফিরিয়ে আনা, দাদা ম্যাচ ফ্যাক্টরীর জমিতে আইটি পার্ক ও ভৈরব সেতুর কাজ দ্রুত শেষ করা।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, কেডিএ’র বাস্তবায়নাধীন তিনটি সংযোগ সড়ক প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত এবং গুণগত মান নিশ্চিত করা, খুলনা ওয়াসার পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং খুঁড়ে রাখা সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ, কেসিসির ২২টি মোড় উন্নয়ন কাজ শেষ করা, ২২ খাল দখল অবমুক্তসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ড্রেনগুলোর কাজ দ্রুত শেষ করা এবং রেলওয়ের অব্যবহৃত জমি দখলমুক্ত করে পরিকল্পনার আওতায় আনাসহ অন্যান্য সরকারি সংস্থার প্রকল্পের কাজ শেষ করা।
সংবাদ সম্মেলনে, মিনা আজিজুর রহমান, এ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মিজানুর রহমান বাবু, অধ্যাপক আবুল বাশার, এ্যাডভোকেট হাফিজুর রহমান, মোল্লা মারুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।