মুগদায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার

Date: 2024-12-22
news-banner



প্রিয়া চৌধুরী

রাজধানীর মুগদায় একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী সবুজ (৩৫) গ্রেফতার হয়েছে। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমানের নির্দেশে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৮১ পাতা ফয়েল পেপারে মোড়ানো হেরোইন এবং নগদ ২০৪০ টাকা উদ্ধার করা হয়।

গত ২১ ডিসেম্বর, শনিবার রাত ৮:৩০ মিনিটে মুগদা থানার এসআই মো. সাফায়াত হোসেন মুকুল, এসআই আতাউর রহমান এবং এএসআই সুমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের স্থান ছিল মানিকনগর উনিশ কাটা পাকা রাস্তার মাথায় নূরুল ইসলামের বাড়ির নিচতলা।

এলাকাবাসী জানায়, সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মুগদা, মান্ডা ও মানিকনগর এলাকায় তার মাদকের বিশাল সিন্ডিকেট সক্রিয় ছিল। একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়ে জেল খাটলেও সে মাদক ব্যবসা বন্ধ করেনি। বরং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় তার অপরাধ কার্যক্রম অব্যাহত রেখেছিল।

সবুজের গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে। এলাকাবাসী জানায়, তার কার্যকলাপে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। সবুজের গ্রেফতারকে তারা মুগদা থানার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন এবং থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে ওসি সাজেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবুজের বিরুদ্ধে মুগদা থানায় আরও বেশ কিছু মাদক মামলা রয়েছে, যা প্রক্রিয়াধীন।

সবুজের গ্রেফতার এবং মাদক উদ্ধারের এ অভিযানে মুগদা থানার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী মত প্রকাশ করেন।

Leave Your Comments