উচ্চ শিক্ষা সংক্রান্ত ৩ নীতিমালার অনুমোদন দিল ইউজিসি

Date: 2022-09-27
news-banner

উচ্চ শিক্ষা সংক্রান্ত ৩টি খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ নীতিমালা ও ইউজিসি প্রফেসরশিপ সংশোধিত নীতিমালা।

আজ মঙ্গলবার ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬৩তম পূর্ণ কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

দিল আফরোজা বলেন, টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালার মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ শিক্ষক প্রয়োজন হবে তা নির্ধারণ করা সহজ হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের জন্য অর্গানোগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের প্রথিতযশা শিক্ষাবিদরা এই নীতিমালা প্রণয়নে ইউজিসি'কে সহযোগিতা করেছে। শিগগিরই নীতিমালাটি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

সভায় নীতিমালা অনুমোদন ছাড়াও ৩ জন অতিরিক্ত পরিচালক এবং ১৪ জন সহকারী পরিচালক বা সমমান কর্মকর্তার নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। এতে আরো উপস্থিত ছিলেন কমিশন সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং প্রফেসর ড. মো. আবু তাহের।

Leave Your Comments