প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২
সময়: ১০:৫১ এএম
ইডেন কলেজ ছাত্রলীগের ১২ নেত্রীর আমরণ অনশনের ঘোষণা
ইডেন মহিলা কলেজে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও শাখা ছাত্রলীগের ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংগঠন। এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরণ অনশন করার ঘোষণা দিয়েছে বহিষ্কৃত ১২ নেত্রী। এই ১২ জন নেত্রী হলেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এসএম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি।
সোমবার সকাল ১১টায় ইডেন কলেজ প্রাঙ্গণে 'বিনা তদন্তে বহিষ্কার, নেপথ্যে কারা' শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বহিষ্কৃত নেত্রীরা। ধানমন্ডি ৩/এ পার্টি অফিসের সামনে গিয়ে আমরণ অনশন করবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।
সংবাদ সম্মেলনে তারা বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। যদি এই বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করবে বলে ঘোষণা দেওয়া হয়।